Header AD

বিশ্বকাপের স্বপ্নে শুরুতেই ধাক্কা, ভিয়েতনামের কাছে ১-২ ব্যবধানে হারল ভারতের মহিলা ফুটবল দল

এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের  স্বপ্ন নিয়ে নামলেও শুরুতেই ধাক্কা খেল ভারতের মহিলা ফুটবল দল (Indian Women Soccer Team)। ফিফা (FIFA) র‌্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও শেষ মুহূর্তের গোলে ১-২ ব্যবধানে হার মানতে হল ব্লু টাইগ্রেসদের।

পারথে ভারতীয় কোচ ৩-৪-৩ ফর্মেশনে দল সাজান। রক্ষণ মজবুত রেখে পাল্টা আক্রমণের কৌশলেই ম্যাচে নামে ভারত। প্রথমার্ধে ভিয়েতনামের চাপই ছিল বেশি। বারবার ভারতের ডিফেন্সে আক্রমণ শানায় তারা। যদিও ম্যাচের চতুর্থ মিনিটে মনীষা কল্যাণের উদ্যোগে কর্নার পায় ভারত, কিন্তু সেখান থেকে সুবিধা নিতে পারেনি দল।

১৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ভিয়েতনাম, কিন্তু ভারতীয় গোলরক্ষক পান্থোই চানুর সেভে রক্ষা পায় দল। ২৫ মিনিটে ডিফেন্সের ভুলে বিপদ তৈরি হয়, পরের মিনিটেই শিলকি দেবী বিপজ্জনক ট্যাকেলে হলুদ কার্ড দেখেন। ৩০ মিনিটে ভ্যান সু-র গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। প্রথমার্ধের শেষদিকে মনীষা কল্যাণের পাস থেকে সৌম্যা গুগুলোথ সুযোগ পেলেও গোল আসেনি। বিরতিতে স্কোরলাইন ছিল ১-০।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণে গতি আনে ভারত। সৌম্যা ও ডাংমেই গ্রেসের জায়গায় সানফিদা নংগ্রাম এবং রিম্পা হালদার নামার পর খেলায় পরিবর্তন দেখা যায়। ৫২ মিনিটে সানফিদা নংগ্রামের গোলে সমতায় ফেরে ভারত। গোলের পর আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে ব্লু টাইগ্রেসরা।

তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে (৯০+৪) আবারও ভ্যান সু-র গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ বাঁচাতে পারেনি ভারত।

এখন ৭ ও ১০ মার্চ ভারতের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ—শক্তিশালী জাপান ও চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়াই। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে সঙ্গীতা-শিলকিদের।