Header AD

SIR-সংক্রান্ত কাজের চাপের মাঝে ফের রাজ্যে দুই ব্যক্তির মৃত্যু, উঠছে প্রশ্ন

ফের রাজ্যে এসআইআর -এর বলি দুই। রাজ্যের এসআইআর পরবর্তী পর্বে পশ্চিম মেদিনীপুরে এক বিএলও এবং নদিয়ায় অপর এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল মানসিক চাপের কারণে এই ঘটনাগুলি ঘটেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ( Medinipur) শালবনি ব্লকের বাঙ্কিবাঁধ গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) ছিলেন সুবিমল কারক (৫৭)। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন সুবিমল। পরিবার ও স্থানীয়দের দাবি, চলতি SIR সংক্রান্ত কাজের চাপে তিনি মানসিকভাবে অত্যন্ত চাপে ছিলেন। সেই চাপ থেকেই হৃদরোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। সুবিমল কারক লালগেরিয়া সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। স্বভাবতই তাঁর মৃত্যুতে দিশেহারা পরিবার।

প্রসঙ্গত, গত শনিবার এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কমবেশি প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছে। যা নিয়ে জনমানসে তৈরি হয়েছে উদ্বেগ-আতঙ্ক। শুধু তাই নয়, প্রায় ৬০ লাখ মানুষের নাম বিচারাধীন রাখা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নদিয়া জেলার রানাঘাটে জয়দেব দত্ত (৬২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নাম না থাকায় তিনি গভীর মানসিক চাপে ছিলেন। পরিবারের দাবি, সেই চাপের জেরেই বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

এই দুই ঘটনাকে ঘিরে প্রশাসনিক কাজের চাপ ও ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।