Header AD

কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের! ঘনাচ্ছে রহস্য

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। কেরলে কর্মরত অবস্থায় প্রাণ হারালেন বীরভূমের এক রাজমিস্ত্রি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য। পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। কলকাতা বিমানবন্দর থেকে মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম পিরু মাল (৪৭)। তিনি বীরভূম জেলার পাইকর থানার জোগায় গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন পিরু। গত দুর্গাপুজোর সময় তিনি বাড়ি এসেছিলেন। পুজো শেষ হতেই ফের কাজের সূত্রে কেরলে ফিরে যান।

জানা গিয়েছে, দিন দুয়েক আগে কাজ করার সময় একটি নির্মীয়মাণ আবাসন থেকে নিচে পড়ে যান তিনি। এতে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। সহকর্মীরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি কোম্পানির কর্মচারী আবাসনে ফিরে যান।

কিন্তু বুধবার রাতে ঘুমের মধ্যেই সেখানে তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনায় উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পরও কেন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আবার যদি সুস্থ হওয়ার পরই তাঁকে ছাড়া হয়ে থাকে, তবে হঠাৎ তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

পরিবার সূত্রে খবর, ময়নাতদন্তের পর পিরু মালের দেহ কলকাতা বিমানবন্দর হয়ে পাইকর থানার জোগায় গ্রামে আনা হবে। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।