Header AD

রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাস্তায় তৃণমূলের মহিলা কর্মীদের প্রতিবাদ মিছিল

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিবাদেরই পরবর্তী পদক্ষেপে আজ, রবিবারে আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাস্তায় নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা। কালো শাড়ি ও কালো পোশাক পরে থালা-বাসন, হাঁড়ি-খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন তাঁরা। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার এলাকা থেকে এদিন শুরু হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি থাকে মহিলা তৃণমূল কংগ্রেসের। তবে এবার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু সেই কর্মসূচিতে বাড়তি গুরুত্ব পেয়েছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে তৃণমূলের প্রতিবাদ মিছিলের জমায়েতে এদিন বহু মহিলা কালো শাড়ি ও কালো পোশাক পরে উপস্থিত হন। হাতে ছিল থালা-বাসন, হাঁড়ি, খুন্তি। সেগুলো বাজিয়েই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়। একইসঙ্গে ধরনা মঞ্চেও কালো শাড়ি পরে প্রতীকী প্রতিবাদ দেখা যায়। সেখানে প্রতীকী গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ধর্মতলায় দ্বিতীয় দিনের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলাদের কাছে আবেদন করেন রবিবার, আন্তর্জাতিক নারী দিবসে কালো শাড়ি পরে এবং হাতা, খুন্তি, কাঁচা সবজী নিয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সামিল হওয়ার জন্য। তৃণমূল সুপ্রিমো বলেন, গ্যাসের দাম বাড়ায় মহিলাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। তাই নারী দিবস উপলক্ষে মা ও বোনদের রাস্তায় নেমে তাদের প্রতিবাদ জানানো উচিত। শনিবারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে ঘরোয়া গ্যাসের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন দিন আগে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বাড়ানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “এখন থেকে ২১ দিন আগে এলপিজি সিলিন্ডার বুক করতে হবে। গ্যাস শেষ হয়ে গেলে কোনও পরিবার কি ২১ দিন রান্না না করে থাকবে?”

রবিবারের প্রতিবাদ মিছিলে তৃণমূল মহিলা কংগ্রেসের শীর্ষ নেত্রীদের সঙ্গে মহিলা কর্মী সমর্থকরা থালা-বাসন বাজাতে বাজাতে প্রতিবাদ মিছিল করে ধর্মতলায় উপস্থিত হয়। মিছিল থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, আমরা খালি থালা- বাটি বাজাচ্ছি কারণ যেই থালাতে রান্না করা খাবার থাকার কথা কিন্তু রান্না করব কী করে? গ্যাসের দাম এখন এক হাজার টাকা যা নির্ধারণ করেছে এই ভারতীয় জনতা পার্টি। আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা আর কত সংগ্ৰাম করবে? গ্যাস, পেট্রোল, ডিজেল, তেল, মশলা , আনাজ সবজি, কেরোসিনের মূল্য বৃদ্ধি! আর কত লড়াই করবে মহিলারা?

রাজনৈতিক মহলের মতে, সামনে নির্বাচন থাকায় এই প্রতিবাদ কর্মসূচির রাজনৈতিক তাৎপর্যও কম নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ যেমন সামনে এসেছে, তেমনই ভোটমুখী বাংলায় এসআইআর-এর প্রতিবাদে ধরনা মঞ্চ থেকে মমতার ডাক এবং তার পরদিন মহিলা কর্মীদের রাস্তায় নামা, সব মিলিয়ে ভোটের আগে রাজ্য রাজনীতিতে আরও উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।