গত ২৪ ঘণ্টায় রাজ্য রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত বিষয় রাজ্য-রাষ্ট্রপতি বিতর্ক। সেই বিতর্কের মাঝে এবার এবার একটি পুরনো ছবি প্রকাশ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে রয়েছেন চেয়ারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সভা থেকে এই ছবি তুলে ধরে অভিষেক দেখালেন লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি। এই একই ছবি দেখিয়ে এদিন ধরনা মঞ্চ থেকে কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি কেন্দ্রের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন “কে কাকে অপমান করছে?”
মথুরাপুরের সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশের এমনই দুর্ভাগ্য— রাষ্ট্রপতি পদ যা রাজনীতির অনেক ঊর্ধ্বে, সেই পদটাকেও এরা ছাড়ল না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনৈতিক আক্রমণ করিয়েছে। তারা বলছে, আমাদের সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, ধরনায় বসেছেন। রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি।”
মথুরাপুরের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ছবি দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “তৃণমূল নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে—এমন অভিযোগ করা হচ্ছে। কিন্তু এই ছবিটা দেখুন। রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আর প্রধানমন্ত্রী চেয়ারে বসে। এর থেকে বড় অসম্মান আর কী হতে পারে? অপমানের কথা বলার আগে নিজেদের দিকে তাকানো উচিত।”
স্ক্রিনে সেই ছবি দেখিয়ে অভিষেক জানান, “PIB বা প্রেস ইনফরমেশন ব্যুরো (তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ভারত সরকারের একটি নোডাল সংস্থা) এটা পোস্ট করেছিল। রাষ্ট্রপতির অপমান কে করছেন? দেশের অপমান কে করছেন? বাঙালি-বাংলার অপমান কে করছেন? যখন মণিপুরে প্রায় তিন বছর ধরে আগুন জ্বলেছে, একের পরে এক জনজাতি মূলবাসী আক্রান্ত হয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে আমরা কিছুই শুনতে পাইনি। রামমন্দির উদঘাটনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি তফসিলি সম্প্রদায়ের মহিলা বলে। দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধনের সময়ে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানানো হয়নি। এগুলো মানুষ ভুলে গিয়েছে?’’
এদিন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের এক সাক্ষাৎকার প্রসঙ্গে অভিষেক জানান, “রাষ্ট্রপতি কার সঙ্গে দেখা করবেন, সেটা রাষ্ট্রপতি ঠিক করেন না। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে তালিকা যায়।”






