মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের জবাবদিহি নিয়ে কড়া মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সন্ধ্যায় ধর্মতলার ধরনা মঞ্চে দাঁড়িয়ে তাঁর দাবি, সাংবাদিকরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে( Gyanesh Kumar) একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেও তার কোনও সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি।
অভিষেকের অভিযোগ, জোর করে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছিল এবং তাঁদের পুনরায় আবেদন বা আপিল করার কোনও সুযোগ রাখা হয়নি। এই বিষয়টি নিয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানান, এই মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court of India) নির্বাচন কমিশনকে (Election Commisssion) ভর্ৎসনা করেছে এবং যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য আবার আবেদন করার সুযোগ তৈরি করার নির্দেশ দিয়েছে।
শীর্ষ আদালত আরও জানিয়েছে, এ জন্য নির্বাচন কমিশনকে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠনের ব্যবস্থা করতে হবে। এর ফলে ভোটাররা তাঁদের নাম ফের অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন। অভিষেকের মতে, “এই রায় গণতন্ত্র এবং মানুষের অধিকারের জয়।“ তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, ১৫ দিনের কাজকে তিন থেকে চার মাস পর্যন্ত টেনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং নির্বাচনের আগের দিন পর্যন্তও কারও নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলে তিনি ভোট দিতে পারবেন।
অভিষেক বলেন, সংবাদমাধ্যম সাহসের সঙ্গে প্রশ্ন তুলেছে এবং মানুষের অধিকার রক্ষার বিষয়টি সামনে এনেছে। তিনি দাবি করেন, তাঁদের যে সমস্ত দাবি আদালতে তোলা হয়েছিল, তার প্রায় সবকটিকেই গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও আদালতের দৃষ্টি আকর্ষণ করার পথ খোলা রয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরনা প্রত্যাহারের অনুরোধও জানান অভিষেক। তাঁর বক্তব্য, মানুষের স্বার্থে আরও বড় লড়াই সামনে রয়েছে এবং সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে তৃণমূল নেত্রীর সুস্থ থাকা প্রয়োজন। কর্মীরা পথে থেকে আন্দোলনের বাকি দায়িত্ব সামলাবেন বলেও তিনি আশ্বাস দেন।




