ব্যস্ত সময়েই বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। বুধবার দেউলমোড় এলাকায় ঘটে এই ঘটনা। এর জেরে আপাতত কলকাতা থেকে বর্ধমানগামী লেনে সম্পূর্ণ বন্ধ রয়েছে যান চলাচল। বাধ্য হয়ে সার্ভিস রোড দিয়েই গাড়ি ঘোরানো হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা।
বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে চলাচল করছিল একের পর এক যানবাহন। ঠিক সেই সময় আচমকাই ধসে পড়ে রাস্তার গার্ডওয়াল। প্রথমে বিষয়টি নজরে আসে হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পার। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁরা ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলির গতিপথ ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তাঁদের তৎপরতাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।এদিকে ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ওই অংশ দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইওভারের কলকাতা-বর্ধমানমুখী লেনে যান চলাচল বন্ধই থাকবে। এর জেরে স্বাভাবিকভাবেই তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে । ভোগান্তিতে পড়তে পারেন যাতায়াতকারীরা।
জানা গিয়েছে, প্রায় আট মাস আগেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছিল। সেই সময়ই ফ্লাইওভারের ওই গার্ডওয়ালটি নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে। তাই এত অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়েছে বলে তাঁদের দাবি। সরকারি অর্থ অপচয়ের অভিযোগও তুলেছেন অনেকে। কারও কারও মতে, সামান্য এদিক-ওদিক হলেই বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত। এভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে খেলা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। যদিও পুরো ঘটনাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।




