বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যওপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের দলিত, আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, মুন্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC) সম্প্রদায়ের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ তৈরি করা হবে। এই বোর্ডগুলির মাধ্যমে ওই সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য কাজ করা হবে।
মুখ্যমন্ত্রী লিখেছেন, এই সম্প্রদায়গুলি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নতুন বোর্ডগুলি শুধু সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা নয়, আর্থ-সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তিনি আরও উল্লেখ করেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য রাজ্য সরকার আগেও একাধিক উন্নয়ন পর্ষদ গঠন করেছে এবং সেগুলি ইতিমধ্যে কাজ করছে। ২০১৩ সাল থেকে বিভিন্ন দুর্বল ও প্রান্তিক সম্প্রদায়ের জন্য এ ধরনের বহু বোর্ড তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “মা-মাটি-মানুষের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। রাজ্যের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।”





