Header AD

রক্ষণাবেক্ষণের কাজে রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথে যান চলাচল

রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু  বা দ্বিতীয় হুগলি সেতু (2nd Hooghly Bridge)। সেতুর বিভিন্ন অংশে সংস্কার ও মেরামতির কাজ চলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার নগরপাল সুপ্রতীম সরকার (Supratim Sarkar)।

কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, সেতুর বিয়ারিং, কেবলসহ একাধিক গুরুত্বপূর্ণ অংশে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তাই ওই সময়ের মধ্যে সেতুতে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।

বিকল্প পথে যান চলাচল

সেতু বন্ধ থাকায় যান চলাচলের জন্য কয়েকটি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে—

  • জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে সেখান থেকে হাওড়া ব্রিজ (Howrah Bridge) ধরতে পারবে যানবাহন।
  • হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।
  • জেএন আইল্যান্ড দিক থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।
  • সিজিআর রোড হয়ে খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • কেপি রোডের যানবাহনগুলিকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফার্লং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।

সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব

বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনারের (Hooghly River Bridge Commissioners) উপর। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও সেগুলির রক্ষণাবেক্ষণই তাদের প্রধান কাজ।