ওড়িশার কটকের একটি নামী হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। সোমবার ভোররাতে হাসপাতালের আইসিইউ-তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। রোগীদের উদ্ধার করতে গিয়ে অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মীও আহত হয়েছেন।
ঘটনার গুরুত্ব বুঝে ভোর হতেই হাসপাতালে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং (Mukesh Mahaling)। পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানান, আইসিইউ-র ভিতরেই সাতজন রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করার সময় আরও তিনজনের প্রাণ যায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কটকের এসসিবি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল (SCB Medical College and Hospital)-এর ট্রমা কেয়ার আইসিইউ-তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ভোর প্রায় ৩টার সময় আচমকা আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আইসিইউ-র ভেতর ধোঁয়ায় ভরে যায়। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ট্রমা কেয়ার ইউনিট থেকে অন্তত ২৩ জন রোগীকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে ওড়িশা সরকার। পাশাপাশি পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তদন্তে যদি কোনও গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।





