Header AD

বামফ্রন্টের প্রথম দফায় ১৯২ জনের প্রার্থীতালিকা প্রকাশ, নাম নেই সেলিম-সুজন- সৃজনের! লড়ছেন না শতরূপ

রাজ্যে নির্বাচনের দামামা বেজে উঠেছে। রবিবার নির্বাচন কমিশন ভোটগ্রহণ ও ফল ঘোষণার দিনক্ষণ ঘোষণা করার পরদিনই বাংলায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট। মুজফফর আহমেদ ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রথম দফায় মোট ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সিপিএমের একাধিক পরিচিত মুখকে প্রার্থী করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, দেবলীনা হেম্ব্রম ও কলতান দাশগুপ্ত। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। দমদম উত্তর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধরকে। উত্তরপাড়া থেকে ভোটে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। রানিবাঁধ থেকে প্রার্থী হচ্ছেন দেবলীনা হেম্ব্রম। কলতান দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে পানিহাটি থেকে।

তবে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ এবার ভোটে লড়ছেন না। অন্যদিকে প্রথম দফার তালিকায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম নেই। একইভাবে সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যের নামও প্রকাশিত তালিকায় দেখা যায়নি। ফলে জল্পনা তৈরি হয়েছে, তাঁরা কি দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় জায়গা পাবেন?

এবারের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের জোট হয়েছে। নওশাদ সিদ্দিকীর দলকে কয়েকটি আসন ছাড়ার বিষয়টি আগেই ঠিক হয়েছিল। তবে ঠিক কতটি আসন আইএসএফকে দেওয়া হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। সাংবাদিক বৈঠকে বিমান বসু জানান, শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা সন্তোষজনক ভাবেই সম্পন্ন হয়েছে। অতীতে আসন বণ্টন নিয়ে শরিকদের মধ্যে অসন্তোষ দেখা গেলেও এবার সেই সমস্যা হয়নি বলেই দাবি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

বামফ্রন্টের প্রার্থী তালিকায় বড় চমক নদিয়ার কালীগঞ্জের সিপিএম প্রার্থী সাবিনা ইয়াসমিন। উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত তামান্নার মা তিনি।  ঘোষণার মধ্যে আরও উল্লেখযোগ্য কয়েকটি কেন্দ্র হল—মেখলীগঞ্জে কমল রায়, মাথাভাঙায় খগেন বর্মন, কোচবিহার উত্তরে প্রণয় কাঞ্জি, দিনহাটায় বিকাশ মণ্ডল, বরানগরে লড়বেন সায়নদীপ মিত্র, কামারহাটিতে প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়, দমদম থেকে ময়ূখ বিশ্বাস, কসবায় দীপু দাস, মহেশতলয় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, রাজারহাট নিউটাউনে সপ্তর্ষি দেব ও নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়।

তবে সৃজন ভট্টাচার্য আদৌ প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা দেয়নি আলিমুদ্দিন। ফলে দ্বিতীয় দফার তালিকার দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।