Header AD

ভোট ঘোষণার পরদিনই রাজ্যজুড়ে ইডির তল্লাশি! অবৈধ কলসেন্টার কাণ্ডে একযোগে অভিযান

Ed Raid in Kolkata

বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী এপ্রিল মাসে দুদফায় নির্বাচন হওয়ার কথা। এর মধ্যেই সোমবার সকালে কলকাতাসহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই অভিযান চলছে বলে জানা গেছে।

সোমবার ভোর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে কলকাতার বোড়াল এলাকায় ইডির (Enforcement Directorate) একটি দল তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি-সহ রাজ্যের মোট প্রায় ১০টি জায়গায় একযোগে অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের কয়েকটি স্থানেও একই মামলার তদন্তে তল্লাশি চালায় ইডি। তদন্তকারী সংস্থার দাবি, কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান । অভিযোগ, ভুয়ো কলসেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে প্রতারণার জাল বিস্তার করা হয়েছিল। সফটওয়্যার পরিষেবার নাম করে প্রথমে যোগাযোগ করা হত, তারপর নানা কৌশলে তাঁদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য গোপন তথ্য হাতিয়ে নেওয়া হতো।
যদিও এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তল্লাশি থেকে কোনও গুরুত্বপূর্ণ নথি বা অর্থ উদ্ধার হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

উল্লেখ্য, এই একই মামলায় এর আগেও কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে ইডি। সূত্রের খবর, বেনিয়াপুকুরের একটি বহুতল এবং কৈখালির একটি জায়গাতেও এর আগে অভিযান চালিয়ে ভুয়ো কলসেন্টারের সন্ধান পেয়েছিল তদন্তকারীরা।

তবে ভোট ঘোষণার ঠিক পরদিনই এই তল্লাশি অভিযান শুরু হওয়ায় তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কও শুরু হয়েছে।