Header AD
Trending

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে সোমসন্ধ্যায় শহরে কালবৈশাখীর দাপট, সঙ্গে শিলাবৃষ্টি

kolkata thunder

চৈত্র মাস পড়তে না-পড়তেই ঝড়ের দাপট শুরু হয়ে গিয়েছে বাংলা জুড়ে। সোমসন্ধ্যায় তুমুল ঝড়, মুহুর্মুহু বাজ আর সঙ্গে শিলাবৃষ্টির সাক্ষী রইল শহর কলকাতায়। কালবৈশাখীর দাপটে একাধিক জায়গায় গাছ পড়ার খবরও পাওয়া গিয়েছে। প্রবল বর্ষণে কার্যত ব্যাহত পরিবহণ পরিষেবা। বেহালা, পিকনিক গার্ডেন-সহ আরও কিছু এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে বলেও খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে একটি বড় গাছ পড়ে গিয়েছে বলে খবর।

Oplus_16908288

হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই সেই পূর্বাভাসকে সত্যি করে সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে বইতে থাকে ৭৫-৮০ কিঃমিঃ বেগে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে ঘন ঘন বাজ পড়তে থাকে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। অনেক আবাসনের ভিতরে থাকা বাতিস্তম্ভ উপড়ে গিয়েছে। বৃষ্টির কারণে সমস্যায় পড়েন অফিসফেরত যাত্রীরা। বৃষ্টি নামার পর থেকে রাস্তায় বাস, ট্যাক্সির দেখা মেলাভার হয়ে ওঠে। অনলাইনে ক্যাব পরিষেবাও মিলছে না যথাযথ ভাবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাত ৯টার পর থেকে আগামী দুই-তিন ঘণ্টা কলকাতা ও পার্শ্ববর্তী জেলা গুলির কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাতাসের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে সোমবার ও মঙ্গলবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।