Header AD

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি! ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন, ৩ শিশুসহ মৃত ৭

বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় একটি পাঁচতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের ৩০টি ইঞ্জিন। আগুন লাগার সময় বহু বাসিন্দা বাড়ির ভিতরে আটকে পড়েন। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হলেও এখনও পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাঁদের মধ্যে ৩ জন শিশু। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণ বাঁচাতে বারান্দা থেকে কিছু বাসিন্দা ঝাঁপ দেন বলেও জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটির নীচের তলাগুলিতে পোশাক ও প্রসাধনী সামগ্রী মজুত রাখা ছিল, আর উপরের তলাগুলি আবাসিক হিসেবে ব্যবহৃত হতো। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দমকল কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।