Header AD

ভোটের মুখে রাজ্য পুলিশে ফের বড় রদবদল! পাঁচ ডিআইজি বদল নির্বাচন কমিশনের

ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে একের পর এক বদল ঘটিয়ে চলেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। আগেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। এমনকি কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের ডিজি-সহ বিভিন্ন জেলার পুলিশ সুপারদেরও দ্রুত বদলির নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এর মধ্যেই আবার নতুন করে পাঁচটি রেঞ্জের ডিআইজি বদল করার নির্দেশ দিয়েছে কমিশন। অভিযোগ উঠেছে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।

নতুন নিয়োগ অনুযায়ী—

রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত (২০০৯ ব্যাচের আইপিএস)

মুর্শিদাবাদ রেঞ্জে অজিত কুমার যাদব

বর্ধমান রেঞ্জে শ্রীহরি পাণ্ডে

প্রেসিডেন্সি রেঞ্জে কংকর প্রসাদ বাড়ুই

জলপাইগুড়ি রেঞ্জে অঞ্জলি সিং

কমিশনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যেই নতুন দায়িত্বভার গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। পাশাপাশি, দায়িত্ব গ্রহণের রিপোর্ট কমিশনকে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নজরদারি আরও জোরদার করতে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের আনা হয়েছে। এছাড়া, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য সমসংখ্যক সাধারণ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণের ক্ষেত্রেও এবার বাড়ানো হয়েছে নজরদারি।

সব মিলিয়ে, ভোটের আগে প্রশাসনিক কড়াকড়ি আরও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন।