রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মঙ্গলবার তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে বামফ্রন্ট ও বিজেপিও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা সামনে এনেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন। এই আবহেই বীরভূমে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। নলহাটি এলাকায় বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছে। নির্বাচনী পরিস্থিতির মধ্যেই এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকা থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি ট্রাক্টর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর ট্রাক্টরটি থামিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। কাগজের বাক্সের মধ্যে স্তরে স্তরে সাজানো ছিল বিস্ফোরকগুলি। সঙ্গে সঙ্গেই নলহাটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরসহ সমস্ত বিস্ফোরক বাজেয়াপ্ত করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক এবং ৩৬০টি ডিটোনেটর উদ্ধার করাহয়েছে।
তবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সেগুলি আবার কোথা থেকে আনা হয়েছিল? কারা এই ঘটনার সঙ্গে জড়িত? ভোটের আগে কি কোনও নাশকতার পরিকল্পনা ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনও বড় চক্রান্ত? এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। যদিও ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল আলোচনা।





