Header AD

পুজো থেকে মিষ্টিমুখ, দেওয়াল লিখন- বাইক র‍্যালি, উৎসবের মেজাজে শুরু তৃণমূল প্রার্থীদের ভোট প্রচার

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তালিকা ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। রাজ্যজুড়ে কোথাও দেওয়াল লিখন, কোথাও মিষ্টিমুখ, আবার কোথাও মিছিল- বাইক র‍্যালি- ভোট ময়দানে জোর কদমে প্রচারে তৃণমূল প্রার্থীরা।

বুধবার সকাল থেকেই কড়া রোদ উপেক্ষা করে জনসংযোগ নেমে পড়েছেন উত্তর কলকাতার (North Kolkata) তৃণমূল প্রার্থীরা। প্রচারে নেমেছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ড. শশী পাঁজা (Shashi Panja)। তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে এদিন প্রচারে বের হন তিনি। পুজো দিয়ে বাইক র‍্যালি করে প্রচার শুরু করলেন শশী। প্রচারে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি এই এলাকায় অনেক কাজ করেছি। মানুষের উপর আমার আস্থা আছে। এখানে বিজেপির কোনও জায়গা ছিল না। এখনও নেই।”

এদিন প্রচারে রাস্তায় নামতে দেখা গেল বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষকে (Kunal Ghosh)। রাস্তায় নেমে দেওয়াল লিখতেও দেখা কুণালকে। প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বলেন, “অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্যক্তি আক্রমণ করেন দম থাকলে তাঁরা এই বেলেঘাটায় এসে লড়ে দেখান।” বুধবার থেকেই প্রচারে নেমেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে (Shreya Pandey)। জোরকদমে প্রচার শুরু করেছে জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়।

অন্যদিকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ও এদিন দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করেছেন।

এন্টালির পূর্ব বিধায়ক স্বর্ণকমল সাহা এবার টিকিট পাননি। এই সিটে লড়বেন তাঁর ছেলে সন্দীপন সাহা। সন্দীপন ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনিও এদিন প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, “দল আমার উপর ভরসা রেখেছে। সেই মর্যাদা আমাকে রাখতে হবে।”

শুধু কলকাতা নয় জেলায় জেলায় তৃণমূল প্রার্থীরা উৎসবের মেজাজে প্রচার শুরু করে দিয়েছেন। ডেবরার তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করেছেন। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমেছেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বুধবার সকাল হতেই এলাকার জগন্নাথ মন্দিরে পৌঁছে যান কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। সেখানে পুজো দিয়ে প্রচার শুরু করেন মদন।