পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপের মধ্যে ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস (TMC)। দলটির দাবি, বিজেপি তাদের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল “BJP4Bengal”-এর মাধ্যমে একটি বিভ্রান্তিকর ও বিকৃত ভিডিও প্রচার করেছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।
তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ১৫ মার্চ ২০২৬-এ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কার্যকর হয়েছে। সেই সময়েই ওই ভিডিওটি প্রচার করা হয়, যেখানে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূলের অভিযোগ, ভিডিওটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্যকে আংশিকভাবে কেটে ও প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তার মূল অর্থ বিকৃত হয়। এর মাধ্যমে একটি বিভাজনমূলক ও সাম্প্রদায়িক বার্তা ছড়ানোর চেষ্টা হয়েছে বলেও দাবি বাংলার শাসক দলের। অভিযোগে আরও বলা হয়েছে, ভিডিওটিতে “তোষণ” সংক্রান্ত একটি ভিত্তিহীন ধারণা তুলে ধরে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে ঘিরে ভুল বার্তা দেওয়া হয়েছে, যা ভোটারদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে।

তৃণমূলের দাবি, এই ধরনের প্রচার মডেল কোড অফ কন্ডাক্টের “General Conduct” অংশের একাধিক ধারার লঙ্ঘন। পাশাপাশি, এটি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৩(৩এ)-এর আওতায় পড়ে, যেখানে ধর্মের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানোকে বেআইনি নির্বাচন আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। অবিলম্বে ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





