বিধানসভা নির্বাচনের আগে বাংলায় জমি শক্ত করতে মরিয়া বিজেপি ( Bharatiya Janata Party)দ্বিতীয় দফায় ১১১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় একাধিক চমক, গুরুত্বপূর্ণ আসনে রদবদল এবং নতুন মুখের সংযোজন নজর কেড়েছে। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় নাম রয়েছে অর্জুন সিং, রূপা গঙ্গোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, কৌস্তভ বাগচী, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় সহ হেভিওয়েট প্রার্থীদের।
সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে অর্জুন সিংয়ের আসন পরিবর্তন। দীর্ঘদিন ভাটপাড়ায় দাপটের সঙ্গে রাজনীতি করলেও তাঁকে এবার নোয়াপাড়ায় পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক ময়দানে নতুন হলেও গুরুত্বপূর্ণ বারাকপুর আসনে ভরসা রাখা হয়েছে আইনজীবী কৌস্তুভ বাগচীর ওপর, যেখানে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী।
বহুদিন বিজেপির দলীয় কর্মকাণ্ডের থেকে দূরে ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দলের হয়ে নতুন করে আস্থা অর্জন করেছেন তিনি। এই প্রথম রূপা বিধানসভা নির্বাচনে লড়তে নামছেন এবং সোনারপুর দক্ষিণে তৃণমূলের লাভলি মৈত্রর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লোকসভা নির্বাচনে জয়ী না হলেও নিশীথ প্রামাণিকের ওপর আবার ভরসা রেখেছে বিজেপি। তাঁকে প্রার্থী করা হয়েছে মাথাভাঙা থেকে। গাইঘাটায় লড়বেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর, আর রাজারহাট-নিউটাউনে প্রার্থী হয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। হিঙ্গলগঞ্জে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির আলোচিত মুখ রেখা পাত্রকে। টালিগঞ্জে দেখা যাবে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। তিনি লড়াই করবেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আর এন্টালি আসনে লড়বেন বিজেপির আরও এক আইনজীবী সদস্য প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এছাড়া খড়গপুর সদর থেকে সরিয়ে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ) শ্যামপুরে পাঠানো হয়েছে। এবারের ভোটেও অধিকারী পরিবারের প্রভাবও বজায় রাখা হয়েছে—শুভেন্দু অধিকারীর পাশাপাশি এগরা থেকে প্রার্থী হয়েছেন তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী। তবে আজকের তালিকায় নাম ছিল না অভয়ার মায়ের।
সব মিলিয়ে বলাই যায়, কৌশলী রদবদল ও নতুন-পুরনো মুখের মিশেলে বিজেপি বাংলা দখলের লড়াইয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।





