কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার (Esplanade) নিউ মার্কেটে (New Market)দাঁড়িয়ে নাহুম অ্যান্ড সন্স (Nahoum and son’s)। বহু প্রতিকূলতা মোকাবিলা করে ১২০ বছরেরও বেশি সময় ধরে তার গ্রাহকদের কেক ও মুখরোচক খাবার পরিবেশন করে চলেছে। কিন্তু সেই বিখ্যাত কেকের দোকানই এখন সঙ্কটের মুখে। জ্বালানি সঙ্কটের মধ্যে পড়ে এই কেক প্রস্তুতকারি সংস্থা (Cake shop)তাদের বিপণী বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সঙ্কটের কারণে শহরের একমাত্র ইহুদি বেকারিটির ওপর মারাত্মক প্রভাব পড়েছে, যার ফলে দোকানটি পাঁচ দিনের জন্য তার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দোকানের বাইরে সাঁটা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “অনিবার্য পরিস্থিতির” কারণে বেকারিটি ১৮ই মার্চ থেকে ২২শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
“বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ সীমিত থাকা সত্ত্বেও আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে হয়েছিল। অবশেষে, এই ধরনের সীমাবদ্ধতার মধ্যে কার্যক্রম চালানো অসাধ্য হয়ে পড়েছে এবং এই কারণে দোকান সাময়িক বন্ধ রাখাই একমাত্র উপায় ছিল,” বলেন বেসরকারি এই কেকের দোকানের এক কর্মী। তিনি আরও বলেন, “আমরা ২৩শে মার্চ খুলব এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোদমে কার্যক্রম পুনরায় শুরু করার আশা করছি,” নিউ মার্কেট এলাকার ওই আউটলেটের এক কর্মকর্তা বৃহস্পতিবার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, রান্নার গ্যাসের ঘাটতিজনিত বিঘ্নের সঙ্গে মানিয়ে নিতে বেকারিটি বেশ কিছুদিন ধরেই হিমশিম খাচ্ছিল।
দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে, ইহুদি প্রথা পালনের জন্য বেকারিটি শনিবার বন্ধ থাকে। তবে, কয়েক বছর আগের কোভিড-জনিত লকডাউন বাদ দিলে, এই অস্থায়ীভাবে বন্ধ রাখার বিজ্ঞপিটি সাম্প্রতিককালে নজিরবিহীন। এর আগে ২০১৩ সালে মালিক ডেভিড নাহুমের মৃত্যুর পর বেকারিটি কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল।
কলকাতার একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত, শতবর্ষ প্রাচীন এই কেক প্রস্তুতকারি প্রতিষ্ঠানটি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়েও, চিরায়ত বেকড খাবারের সন্ধানীদের জন্য একটি বিশিষ্ট গন্তব্য হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এই দোকানের প্লাম কেক, লেমন টার্ট, ব্রাউনির মতো সিগনেচার আইটেমগুলোর জন্য আজও এখানে কেক প্রেমীরা ভিড় জমান।





