বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের (Beliaghata constituency) প্রার্থী নির্বাচনকে ঘিরে বিজেপির (BJP) অন্দরে অসন্তোষ চরমে উঠেছে। শুক্রবার সল্টলেকে (Saltlake) দলের রাজ্য সদর দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, এই কেন্দ্রে ঘোষিত প্রার্থী পার্থ চৌধুরীকে বদলাতে হবে।
প্রার্থী তালিকা (bjp candidate 1st list 2026) প্রকাশের পর থেকেই বেলেঘাটা এলাকার কিছু বিজেপি কর্মী এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এদিনের বিক্ষোভে। রাজ্য সদর দপ্তরের সামনে বসে পড়ে স্লোগান দিতে থাকেন কর্মীরা, যার ফলে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে বাইরে এসে কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন রাজ্য বিজেপি সভাপতি (BJP West Bengal State President) শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee) এবং দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তবে তাঁদের সামনেই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী নির্বাচন দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সেটাই চূড়ান্ত।
অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভকারীদের শাসানোর অভিযোগও ওঠে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে কটাক্ষ করে রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপি নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের কোনও সংযোগ নেই এবং প্রার্থী নির্বাচন হয় দূর থেকে বসে।
উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই দুই দফায় মোট ২৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু রাজ্যের একাধিক জায়গায় প্রার্থী বদলের দাবিতে ক্ষোভ দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই কর্মী ও স্থানীয় নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে তাঁরা দলত্যাগ করে নির্দল প্রার্থীও দিতে পারেন। এই পরিস্থিতিতে বেলেঘাটা ইস্যু বিজেপির জন্য নতুন করে অস্বস্তি তৈরি করেছে।





