Header AD

‘রমজানে রাম থাকলে, দিওয়ালিতে আলি আছে’, রেড রোডে ইদের নামাজ থেকে সম্প্রীতির বার্তা অভিষেকের

কলকাতার ঐতিহ্যবাহী রেড রোড (Red Road)-এ ইদের নামাজকে ঘিরে এবারও ধরা পড়ল ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল ছবি।রেড রোডের ইদের নমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা বার্তা দিলেন তৃণমূলের (Trinamool Congress)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইদের শুভক্ষণে সকলকে অভিনন্দন জানিয়ে অভিষেক বাংলার ঐতিহ্যবাহী সম্প্রীতির বার্তা তুলে ধরে বলেন,“রমজানে রাম থাকলে, দিওয়ালিতে আলি আছে। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করওয়াচৌথ হয়। এটাই আমার ভারতবর্ষ। এটাই দেশের সংস্কৃতি।”

তিনি আরও বলেন, প্রতিটি উৎসব মানুষকে ধৈর্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা দেয়, যা ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানবিকতার ভিত্তি গড়ে তোলে। এই মঞ্চ থেকেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব। নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপির নীতিকে কটাক্ষ করে অভিষেকের দাবি করেন, বাংলায় ভেদাভেদের রাজনীতি স্থান পাবে না। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে দাঁড়ানোর আহ্বান জানান অভিষেক।

SIR ইস্যুতে (West Bengal SIR) নাম কাটার প্রসঙ্গেও কড়া বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য,”হিন্দু মুসলিম একে অন্যের সুখে দুঃখে ,উৎসবে আনন্দে শামিল হবে এটাই বাংলার সংস্কৃতি। যাঁরা ভাবেন নাম কেটে দিয়ে বাড়ি থেকে, দেশ থেকে ধাক্কা মেরে বের করে দেবেন, তাঁরা জেনে রাখুন গলা কেটে দিলেও মাথা নিচু হবে না। নাম কাটা তো অনেক পরের ব্যাপার।মানুষকে ভয় দেখিয়ে বা অধিকার কেড়ে নিয়ে দমিয়ে রাখা যাবে না। শেষ পর্যন্ত লড়াই চলবেই।”

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ রেড রোডে সমবেত হয়ে ইদের নামাজ আদায় করেন। উৎসবের এই মিলনমেলায় উঠে আসে একটাই বার্তা—মন্দিরের ঘণ্টা আর আজানের সুর মিলেমিশেই ভারতের প্রকৃত পরিচয় গড়ে তোলে।

সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, ধর্ম নয়—মানবিকতাই হোক সমাজের আসল ভিত্তি, আর বাংলার সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।