Header AD

ইদের সকালে মালদহে মর্মান্তিক দুর্ঘটনা! বাজারের ছাদ ভেঙে মৃত ১

ইদের দিন ভোরবেলাতেই মালদহে (Malda) মর্মান্তিক দুর্ঘটনা (incident)। ইংরেজবাজারের (Englishbazar) রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদ ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম মিন্টু সরকার। আহত আরও এক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটে অসংখ্য ছোট-বড় দোকান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছরের পুরনো হওয়ায় মার্কেটের ছাদ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। শনিবার সকালে হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন মিন্টু সরকার ও দীপ সরকার। খবর, রাতে ওই মার্কেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মিন্টু সরকার। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন পুরসভার সুপারভাইজার দীপ সরকারও। তাঁদের উপরেই ছাদটি ভেঙে পড়ে বলে অভিযোগ। বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর শুভময় বসু এবং ওই বিধানসভা এলাকার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।

ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মিন্টু সরকারকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে, দীপ সর্দার বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটটি ইংরেজবাজার পুরসভা দেখভাল করে। তবে এই ঘটনার পর নজরদারি ও রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, শহরে এখনও বহু পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, যেগুলির মধ্যেই প্রতিদিন ব্যবসা-বাণিজ্য চলছে। স্থানীয়দের মতে, রাতভর টানা বৃষ্টির কারণে ছাদ আরও দুর্বল হয়ে পড়েছিল, আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।