ছাব্বিশের বিধানসভা ভোটের ( election 2026) আগে নিজের কেন্দ্র ভবানীপুর (Bhowanipore) থেকেই প্রচারের সূচনা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সন্ধ্যায় চেতলায় কর্মীসভার মাধ্যমে শুরু হচ্ছে হাইভোল্টেজ প্রচার। সূত্রের খবর, চেতলার অহীন্দ্র মঞ্চে সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে এই কর্মীসভা। উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ ভবানীপুরের সব দলীয় কাউন্সিলর। এই সভা থেকেই নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় প্রচারের রূপরেখা ঠিক করে দিতে পারেন দলনেত্রী তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২১-এর উপনির্বাচনের সময় ‘ঘরের মেয়ে’ বা ‘উন্নয়ন ঘরে ঘরে‘ স্লোগানই ছিল ভবানীপুরের প্রচারের মূল সুর। এবারের ভোটেও সেই আবেগকে সামনে রেখে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। ইতিমধ্যেই ভবানীপুরের সমস্ত এলাকায় হোর্ডিং-ব্যানারে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে একই বাড়িতে বহুবার করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের। কারণ এবারের লড়াইয়ে ভবানীপুরে মমতার প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। ফলে এই কেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে। কর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিরোধীদের কোনরকম প্ররোচনায় পা না দিয়ে নিজেদের ছন্দেই প্রচার চালিয়ে যেতে হবে।
এদিকে এসআইআর (SIRinBengal) প্রক্রিয়ায় ভবানীপুরে প্রায় ৪৫ হাজার নাম বাদ পড়ার ইস্যুও ভোটের বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। রবিবার অহীন্দ্র মঞ্চের কর্মীসভায় এই ইস্যু নিয়েও বিশেষ কৌশল ঠিক হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, নিজের ‘গড়’ থেকেই প্রচারের সূচনা করে রাজ্য জুড়ে নির্বাচনী লড়াইয়ের বার্তা দিতে চলেছেন মমতা। সূত্রের খবর, সোমবার থেকেই প্রত্যেক জেলায় জেলায় প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। তার আগেই ভবানীপুরে নিজের কেন্দ্র থেকে প্রচার শুরু করে দিচ্ছেন তিনি।





