Header AD

সাপ্লিমেন্টরি ভোটার তালিকায় নাম থাকা নিয়ে আতঙ্ক! হৃদরোগে মৃত্যু উত্তর দিনাজপুরে

sir death

SIR -এর চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List)নিজের ও পরিবারের কয়েকজনের নামের পাশে ‘বিচারাধীন’(Adjudication) লেখা দেখে প্রবল মানসিক চাপে পড়েছিলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের এক বাসিন্দা। সোমবার প্রকাশিত হবে বিচারাধীনদের নাম সম্বলিত সাপ্লিমেন্টরি ভোটার লিস্ট (Supplementary Voter List)। এবার তালিকায় নাম থাকবে তো? সেই আতঙ্কই শেষমেশ মর্মান্তিক পরিণতি ডেকে আনল—সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তর দিনাজপুরের ওই ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবদুল হাদি। এসআইআরের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর পরিবারের একাধিক সদস্যের নামের পাশে ‘বিচারাধীন’বলে উল্লেখ থাকায় এই নিয়ে তিনি গভীর উদ্বেগে ভুগছিলেন। অতিরিক্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে কি না, সেই দুশ্চিন্তাই ক্রমশ গ্রাস করেছিল তাঁকে। পরিবার সূত্রে জানা যায়, প্রায়ই তিনি আশঙ্কা প্রকাশ করে বলতেন, “যদি নাম না ওঠে, আমাদের কী হবে?” এই মানসিক চাপের মধ্যেই সোমবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন আবদুল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান মৃতের বাড়িতে যান। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত এই আতঙ্কই মৃত্যুর কারণ। যদিও ইসলামপুরের পুলিশ সুপার জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।