মধ্যপ্রাচ্যে (Middle East Tensions) ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল ভারতের অর্থনীতিতে। সপ্তাহের প্রথম দিন সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বড়সড় ধাক্কা খায় শেয়ারবাজার (Stock Market Today)। সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায়, পাশাপাশি নিফটিতেও ৪০০ পয়েন্টের বেশি পতন দেখা যায়।
একইসঙ্গে ভারতীয় মুদ্রার মানও রেকর্ড হারে কমেছে। মার্কিন ডলারের (Dollar) বিপরীতে টাকার দাম নেমে দাঁড়িয়েছে ৯৩.৮৩-এ, যা সর্বকালের নিম্নস্তরের কাছাকাছি। শুক্রবারের তুলনায় টাকার মান ১২ পয়সা কমেছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধসের মূল কারণ মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান (Iran) যদি হরমুজ প্রণালী (Straight of Hormuz) খুলে না দেয়, তাহলে তাদের শক্তি অবকাঠামোয় হামলা চালানো হতে পারে। এর পাল্টা হিসেবে ইরান জানিয়েছে, হামলা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, এই Strait of Hormuz অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের প্রায় ৫০ শতাংশ জ্বালানি আমদানি এই পথ দিয়েই আসে। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে ভারতের জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ে।
এদিকে, গত কয়েক সপ্তাহ ধরেই আমেরিকা (United States) এবং ইজরায়েলের (Israel) সঙ্গে ইরানের সংঘাত চলতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুদ্ধ কবে থামবে, তা অনিশ্চিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই অস্থিরতা চলতে থাকলে আগামী দিনেও ভারতীয় শেয়ারবাজার ও মুদ্রার উপর চাপ বজায় থাকবে।





