চিংড়িঘাটা মেট্রোর (Chingrihata Metro)বকেয়া কাজ নিয়ে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বরং হাই কোর্টের নির্দেশই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, তবে সোমবার শুনানি শেষে সেই আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেওয়া হয় রাজ্যকে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্ট যে সময়সীমা নির্ধারণ করেছে, তার মধ্যেই চিংড়িঘাটা মেট্রোর অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে। পাশাপাশি এই গোটা বিষয়টির তদারকি করবে হাই কোর্টই। শুনানির সময় এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও করে। আদালতের মতে, সাংবিধানিক দায়িত্ব পালনে রাজ্য সরকারের কিছু গাফিলতি রয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, উৎসবের কারণে উন্নয়নমূলক কাজ থামিয়ে রাখা উচিত নয়—প্রশাসনের কাছে উন্নয়নই হওয়া উচিত অগ্রাধিকার। অন্যদিকে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এটি সম্পূর্ণ উন্নয়নের বিষয়, এখানে রাজনীতির কোনও স্থান নেই।
উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। কিন্তু চিংড়িঘাটায় এসে আটকে রয়েছে প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাত্র ৩৬৬ মিটার এলাকায় পিলার নির্মাণ বাকি, যার জন্য প্রয়োজন ট্রাফিক নিয়ন্ত্রণ। এই নিয়েই দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হয়েছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাই কোর্ট আটকে তাহাক কাজ শেষ করার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, যা এবার সুপ্রিম কোর্টও বহাল রাখল।





