Header AD

Howrah মেট্রো স্টেশনে আচমকা গেট বন্ধ, দীর্ঘক্ষণ ভোগান্তিতে যাত্রীরা

Howrah Metro Station

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) হঠাৎ করে কোনও পূর্বঘোষণা ছাড়াই প্রায় ২০ মিনিটের বেশি সময় গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ব্যস্ত সময়ে স্টেশনে অফিসযাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের ভিড় দ্রুত বাড়তে থাকে। স্টেশনের সমস্ত প্রবেশদ্বার বন্ধ থাকলেও শুরুতে কর্তৃপক্ষের তরফে কোনও কারণ জানানো হয়নি। এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং গুজব রটে যে মহাকরণ স্টেশনে আগুন লাগার কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে।

কিছুক্ষণ পরে ঘোষণা করা হয়, নতুন করে কেউ যেন টিকিট না কাটেন। তবে স্মার্ট কার্ড ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের দিকে পৌঁছে যাওয়ায় ভিড় আরও বেড়ে যায়। দুপুর ১২টা ৩৯ মিনিট নাগাদ জানানো হয়, একটি ট্রেন মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দানের (Howrah Maidan) উদ্দেশ্যে রওনা হয়েছে, যা পরে ঘুরে সেক্টর ফাইভের (sector V) দিকে যাবে। ফলে ট্রেন আসতে প্রায় ১টা বেজে যাবে বলে জানানো হয়।

অবশেষে ১২টা ৫১ মিনিটে একটি ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছয়। তবে ভিড় নিয়ন্ত্রণে রাখতে আবারও গেট বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।