সোমবার মধ্যরাতে সাপ্লিমেনটরি ভোটার তালিকা (Supplementary Voter list) প্রকাশ করেছে কমিশন (Election Commission Of India)। সেই তালিকাও কার্যত অসম্পূর্ণ। কত নাম প্রকাশ হয়েছে এবং কত নাম বাদ গেল তার কোনও সঠিক পরিসংখ্যান মেলেনি এখনও । এই নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ফুঁসে উঠলেন তিনি । কমিশনকে নিশানা করে প্রশ্ন তুললেন, “কেন মাঝরাতে তালিকা প্রকাশ হল ? লিস্ট প্রকাশ করতে এত ভয় কেন? নিশ্চয়ই স্বচ্ছ্বতা নেই! জুডিশিয়াল অফিসাররা তো আগেই তালিকা করেছেন। আপনারা কেন আরও ৬/৭ দিন বেশি সময় নিলেন?” এমনকি এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি করলেন তিনি। বললেন, “EC নিরপেক্ষ নয়। কমিশন কার কথায় কাজ করছে?” এরপরই তাঁর মন্তব্য ,” তাও যে কজনের নাম উঠেছে তা আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই।”
এদিন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তার প্রমাণ দিচ্ছে। তাদের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন রয়েছে।” এরপরই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা নিয়ে কমিশনকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, কমিশন কার কথায় কাজ করছে? নন্দীগ্রামের BDO-কে ভবানীপুরে পাঠানো হচ্ছে। ৬০-৭০ জন IS, IPS বদল করা হয়েছে। বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে। ব্যাকডোর থেকে খেলছেন কেন, সামনাসামনি খেলুন।”
মঙ্গলবার উত্তরবঙ্গ সফর শুরু করার আগে গোটা ঘটনা নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যে ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ ভাবে মিটবে কিনা সেই বিষয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে বলেও অভিযোগ করেন। এমনকি দেশের গণরতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন বলেও দাবিও করেন তিনি। এই পরিস্থিতিতে দেশে গণতন্ত্র রক্ষার দাবিতে তিনি বিজেপি ও কমিশনের চক্রান্তের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্তত্র রক্ষার স্বার্থে একনায়কতন্ত্রের বিরুদ্ধে সব দলকে রুখে দাঁড়াতে হবে। আমি কোনও রাজনৈতিক দলের সাহায্য চাইছি না। আমার পাশেও থাকতে হবে না। তবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সবাইকে জোট বেঁধে লড়তে হবে।”





