Header AD

প্রচারের ফাঁকে চা বানিয়ে কর্মীদের আপ্যায়ন, সোনামুখীতে নজর কাড়লেন কল্লোল সাহা

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও ব্যতিক্রমী উদ্যোগে নজর কাড়লেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ কল্লোল সাহা। প্রচারের মাঝেই একটি চায়ের দোকানে দাঁড়িয়ে নিজে হাতে চা তৈরি করে দলীয় কর্মীদের আপ্যায়ন করতে দেখা গেল তাঁকে।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই এলাকায় জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই এই মানবিক ও সহজ সরল মুহূর্ত স্থানীয়দের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। চায়ের দোকানে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে আড্ডার ফাঁকেই চা বানিয়ে নিজেই তা পরিবেশন করেন তিনি।

দলীয় কর্মীরাও প্রার্থীর হাতে বানানো চা পেয়ে খুশি। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ কল্লোল সাহা বলেন, “আমার চা বানানোর অভ্যাস আছে। বাড়িতে স্ত্রীকে, এমনকি রোগীদেরও মাঝে মাঝে চা বানিয়ে খাওয়াই। আজ কর্মীদের জন্যও সেই কাজটাই করলাম।”

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে প্রার্থীদের এই ধরনের সহজ-সরল আচরণ ভোটারদের সঙ্গে সংযোগ আরও মজবুত করতে সাহায্য করে।