Header AD
Trending

হোয়াটসঅ্যাপে দেওয়া নির্দেশ রাতারাতি উধাও! গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বদল নয়, স্পষ্ট করল কেন্দ্র

gas booking

রান্নার গ্যাস (LPG booking) সিলিন্ডার বুকিংয়ের নিয়ম পরিবর্তন নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, বর্তমানে কোনও নতুন নিয়ম চালু করা হয়নি। আগের নিয়মই বহাল রয়েছে। মঙ্গলবার কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি ওঠে যে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। এমনকি সরবরাহকারী সংগঠনগুলির পক্ষ থেকেও বলা হয়, নতুন নির্দেশিকা অনুযায়ী বুকিংয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। তবে বুধবার সকালে পেট্রোলিয়াম মন্ত্রক এক বিবৃতিতে জানায়, এই সব খবর সম্পূর্ণ ভ্রান্ত।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে শহরাঞ্চলে একটি সিলিন্ডার বুকিংয়ের পর পরবর্তী বুকিং করতে হলে অন্তত ২৫ দিনের ব্যবধান রাখতে হয়। গ্রামাঞ্চলে এই ব্যবধান ৪৫ দিন। সব ধরনের গ্রাহকের ক্ষেত্রেই এই নিয়ম সমানভাবে প্রযোজ্য। গ্রাহক উজ্জ্বলা যোজনার আওতায় পড়েন কি না বা তাঁর এক বা একাধিক সিলিন্ডার আছে কি না— তা বিবেচ্য নয়।

অন্যদিকে, সিলিন্ডার সরবরাহকারী সংগঠনগুলির দাবি, মঙ্গলবার তাদের কাছে হোয়াট্সঅ্যাপের মাধ্যমে নতুন নির্দেশ পাঠানো হয়েছিল, যেখানে বুকিংয়ের ব্যবধান বাড়ানোর কথা বলা হয়। তবে বুধবার সকালে তারা দেখতে পায়, সেই বার্তাটি মুছে ফেলা হয়েছে। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে অপ্রয়োজনীয়ভাবে গ্যাস বুকিং না করার অনুরোধ জানিয়েছে। মন্ত্রকের আশ্বাস, দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং সরবরাহে কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অতীতে একাধিকবার বুকিংয়ের ব্যবধানের নিয়ম পরিবর্তন করা হয়েছিল। তবে বর্তমানে পুরনো নিয়মই বহাল রয়েছে বলে কেন্দ্র স্পষ্ট করেছে।