Header AD

RGKar হাসপাতালে লিফ্ট বিপত্তি অব্যাহত, পরপর ঘটনায় বাড়ছে উদ্বেগ

R G Kar incident

উত্তর কলকাতার আরজি কর (RGKar Incident) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফ্ট সংক্রান্ত সমস্যা কিছুতেই কাটছে না। পরপর কয়েক দিনের ঘটনায় রোগী ও কর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

বুধবার হাসপাতালের অ্যাকাডেমি ভবনের একটি লিফ্ট হঠাৎই কয়েক মিনিটের জন্য আটকে পড়ে। সেই সময় লিফ্টের ভিতরে লিফ্টম্যানসহ কয়েকজন উপস্থিত ছিলেন। লিফ্ট নির্দিষ্ট তলায় পৌঁছলেও দরজা না খোলায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে সকলকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। এর আগের দিন, মঙ্গলবার, হাসপাতালের অন্য একটি ভবনের লিফ্ট দু’টি তলার মাঝখানে আটকে যাওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাতেও একাধিক কর্মী লিফ্টের ভিতরে ছিলেন। যদিও কোনও ঘটনাতেই হতাহতের খবর মেলেনি।

তবে গত শনিবারের ঘটনা সবচেয়ে মর্মান্তিক। ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফ্ট বিপর্যয়ে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। অভিযোগ, স্ত্রী ও সন্তানকে নিয়ে লিফ্টে ওঠার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উপরে ওঠে, পরে নিজে থেকেই নীচে নেমে বেসমেন্টে পৌঁছে যায়। বেসমেন্টে দরজা খুললে স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও অরূপ আটকে পড়েন। পরে লিফ্ট চলতে শুরু করলে দরজা ও দেওয়ালের মাঝে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লিফ্টের দরজার তালা খোলা যায়নি এবং উদ্ধার কাজে গাফিলতি ছিল। এই ঘটনায় কলকাতা পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তিন লিফ্টম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন বিভাগের প্রধান, জুনিয়র ডাক্তার ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করে। সেখানে জানানো হয়, হাসপাতালের মোট ৩২টি লিফ্টের মধ্যে বর্তমানে ১২টি অচল অবস্থায় রয়েছে। পূর্ত দপ্তরের তরফে জানানো হয়েছে, লিফ্ট নির্মাতা সংস্থাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এবং ২৪ ঘণ্টা প্রযুক্তিগত সহায়তা থাকা জরুরি। লিফ্ট সমস্যার দ্রুত সমাধান এবং হাসপাতালে সার্বক্ষণিক নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।

উল্লেখ্য, ২০২৪ সালে এই হাসপাতালেই রাতের ডিউটিতে থাকা এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই ঘটনার নির্যাতিতার মা সম্প্রতি বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি থেকে নির্বাচনে লড়ছেন।