ফের কলকাতা ও সংলগ্ন কয়েকটি এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার সকালে সাত থেকে আটটি স্থানে একযোগে হানা দেওয়া হয়েছে। সূত্রের দাবি, জমি দখল সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই অভিযান শুরু হয়েছে। শহরের একটি সংস্থার কার্যালয় এবং সেই সংস্থার সঙ্গে যুক্ত কয়েকজন আধিকারিকের বাড়িতেও তল্লাশি চলছে। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
শনিবার ভোর থেকে কলকাতার বালিগঞ্জ প্লেস এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। অভিযোগ উঠেছে, বেআইনি উপায়ে বিপুল পরিমাণ জমি দখল করেছে ওই সংস্থা। বিভিন্ন প্রকল্পের নাম দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে তাঁদের জমি হাতিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হচ্ছে। কলকাতা-সহ একাধিক জায়গায় এই অভিযোগে সংস্থার বিরুদ্ধে প্রায় ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে ইডি। সংস্থার গুরুত্বপূর্ণ নথি, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আর বেশি দেরি নেই। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণের কথা রয়েছে। ফল প্রকাশ হবে ৪ মে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল জোরকদমে প্রচারে নেমে পড়েছে এবং জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এই আবহেই হঠাৎ কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ঘিরে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যুক্ত কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
গত ৮ জানুয়ারি একটি মামলার তদন্তে রাজ্য সরকার ও ক্ষমতাসীন দল তৃণমূলের (TMC) পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের (IPAC) সল্টলেকের অফিস এবং লাউডন স্ট্রিটে সংস্থার প্রধান প্রতীক জৈনের (Prateek Jain) বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তল্লাশি চলাকালীন ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কিছু নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ইডির অভিযোগ ছিল, ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী ওই নথি নিজের হেফাজতে নিয়েছেন। তবে মমতার দাবি, তাঁর দলের নির্বাচনী সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ইডি নিয়ে যেতে চাইছিল, তাই তিনি তা আটকান। এই ঘটনাকে ঘিরে সুপ্রিম কোর্টে মামলাও বিচারাধীন। এর মধ্যেই অন্য একটি মামলার তদন্তে আবারও শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি, যা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।





