Header AD

‘আগে বাংলা থেকে তাড়াব, তারপর দিল্লি থেকে’ কাশীপুরের সভা থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ মমতার

cm kashipur

‘ওদের আগে বাংলা থেকে তাড়াব, তারপর দিল্লি থেকে!’ শনিবার পুরুলিয়ার কাশীপুরের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের নীতির সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন, “ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে মানুষকে তাড়ানোর চেষ্টা চলছে। আমরা কাউকেই যেতে দেব না। তার আগে দিল্লি থেকে বিজেপিকেই তাড়াব।”

শনিবার রানিগঞ্জ থেকে নির্বাচনী প্রচার শুরু করে পরে পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে সভা করেন তৃণমূল নেত্রী। কাশীপুরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “তৃণমূল হল সমুদ্র, জনতার সমুদ্র ।আর তোমরা (বিজেপি) জলাশয়ও নয়। সমুদ্রকে কী করে শুকিয়ে দেবে? উল্টে তোমরাই শুকিয়ে যাবে।”

প্রসঙ্গত, জঙ্গলমহলের একাধিক এলাকায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সাফল্য লাভ করেছিল। কোথাও কোথাও অল্প ব্যবধানে আসন হারাতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। পুরুলিয়ার কাশীপুর বিধানসভা কেন্দ্র তেমনই একটি আসন, যেখানে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিলেন। আসন্ন ২০২৬-এর নির্বাচনে সেই হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। কাশীপুরে দলীয় প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে সৌমেন বেলথরিয়াকে। তাঁর সমর্থনে প্রচারে নেমে তৃণমূল নেত্রী মমতা (Mamata Banerjee) বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগও তোলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, ”বিজেপিকে বলছি, আমাদের লোকজনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন না। লাভ হবে না তাতে।”