Header AD
Trending

দিল্লিতে বড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল নিরাপত্তাবাহিনী, গ্রেপ্তার লস্কর জঙ্গি

terrorist arrested

দিল্লিতে সম্ভাব্য বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লস্কর-ই-তইবার জঙ্গি শাব্বির আহমেদ লোনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ (Delhi Police) ও গোয়েন্দা সংস্থাগুলি। দিল্লির সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

তদন্তে জানা গিয়েছে, কাশ্মীরের (Jammu & Kashmir) বাসিন্দা লোন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে ভারতে জঙ্গি কার্যকলাপ সংগঠিত করার দায়িত্বে ছিল। সে বাংলাদেশকে (Bangladesh) ঘাঁটি হিসেবে ব্যবহার করে নতুন একটি লস্কর মডিউল গড়ে তোলার পরিকল্পনা করছিল। এই মডিউলের লক্ষ্য ছিল ভারতের বিভিন্ন স্থানে হামলা চালানো।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, দিল্লি থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত এই জঙ্গি চক্রটি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছিল। তারা দিল্লি ও কলকাতার বিভিন্ন এলাকায় উসকানিমূলক পোস্টার লাগানোর কাজও করছিল, যেখানে কাশ্মীর ও পাকিস্তান সম্পর্কিত বার্তা দেওয়া হতো।

উল্লেখ্য, শাব্বির লোন আগে থেকেই নিরাপত্তাবাহিনীর নজরে ছিল। ২০০৭ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে একে-৪৭ ও গ্রেনেডসহ গ্রেপ্তার করে। সেই মামলায় সে প্রায় ১১ বছর তিহার জেলে বন্দি ছিল। ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর আবার জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়। তদন্তকারীরা আরও জানিয়েছেন, লোনের দায়িত্ব ছিল নতুন সদস্য সংগ্রহ করা। বিশেষ করে ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের জঙ্গি সংগঠনে যুক্ত করার চেষ্টা চালাত সে। এছাড়া, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ ও লস্কর কমান্ডার জাকিউর রহমান লাখভির সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।

নিরাপত্তা বাহিনীর মতে, লোনের গ্রেপ্তারি একটি বড় সাফল্য হলেও তার সহযোগীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি ও আশপাশ এলাকায় আরও জঙ্গি সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।