টিকিট পাননি বলে বিরোধিতা করবেন! সোমবার বেলদার জনসভা থেকে দলীয় কর্মীদের সতর্ক করে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নারায়ণগড়ে প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। তা নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ রয়েছে। সোমবার বেলদায় সভা করতে গিয়ে এই নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “এখানে আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। অন্যদেরও তো সুযোগ দিতে হয়। কখনও কখনও সংখ্যালঘুদের, মেয়েদেরও সুযোগ দিতে হয়। কেউ যদি মনে করেন, আজীবন আমি একা থাকব আর কেউ থাকবে না, তা ভুল।”
এরপরই বিক্ষুব্ধ কর্মীদের উদ্দেশ্যে দলনেত্রীর কড়া বার্তা, “সকলকে নিয়ে চলতে হবে। দল সকলের জন্য। ভাল কাজ করুন। করলে টিকিট পাবেন। যে কাজ করবেন না, মানুষের সঙ্গে থাকবেন না, সে টিকিট পাবেন না। দলকে তো সিদ্ধান্ত নিতেই হবে। টিকিট পাননি বলে বিরোধিতা করবেন! মনে রাখবেন, এটা মানুষ ক্ষমা করবে না। একটা আসন তো এক জনকেই দেওয়া যায়। আমি তো কাউকে অসম্মান করিনি। সকলেই সম্মান পাবেন দল থেকে।”
প্রসঙ্গত, রবিবার মুর্শিদাবাদের নওদায় জনসভা করতে গিয়ে একই ভাবে বিক্ষুব্ধ কর্মীদের সতর্ক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পরে লাল কার্ড দেখতে হবে। তার পর এমন হবে যে সারাজীবন মাঠেই ঢুকতে পারবেন না।” দলের মধ্যেকার কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাত করলে, ভোটের পরে তার ‘ব্যবস্থা’নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বস্তুত তাঁর কথার সুরই শোনা গেল সোমবার তৃণমূল নেত্রীর কথায়। বেলদায় সভায় বিক্ষুব্ধ দলীয় কর্মীদের কার্যত ওইয়ার্নিং দিলেন দলের সুপ্রিমো। পাশাপাশি টিকিট না পেলেও দল যোগ্য ব্যক্তিকে যথাযথ সম্মান দেবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি অশান্তি বরদাস্ত করা হবে না বলেও বুঝিয়ে দেন তিনি।
এছাড়াও এদিনের সভা থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও কমিশনকে একযোগে নিশানা করেন তিনি। একাধিক সরকারি প্রকল্প নিয়েও বক্তব্য রাখেন তিনি।





