হাওড়ার ডোমজুড়ে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল প্রায় ৬টা নাগাদ একটি পাখা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার ভেতরে থাকা মেশিন ও কাঁচামাল দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা পাশের কারখানাগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রথমে কারখানার কর্মীরাই জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে বিশেষ ফল মেলেনি। পরে দমকলে খবর দেওয়া হলে একে একে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগবে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়। এছাড়া কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলের পক্ষ থেকে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।





