পূর্ব কলকাতার বেলেঘাটায় (Mysterious theft in Beliaghata) এক চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। চুরি যাওয়া নানা ধরনের সামগ্রীর মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডারও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বেলেঘাটার চাউলপট্টি রোডের একটি বাড়িতে গভীর রাতে এই চুরি হয়। পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পরই বাড়িতে ঢোকে চোরেরা। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে গৃহিণী দেখতে পান দরজা খোলা এবং ঘরের ভিতরে সব কিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে।
প্রথমে কিছু বাসনপত্র চুরি যাওয়ার বিষয়টি নজরে এলেও পরে দেখা যায়, রান্নাঘর থেকে পুরো গ্যাস সিলিন্ডারটাই (LPG) উধাও। শুধু তাই নয়, বাড়ির অন্য একটি ঘর থেকে আলমারি খুলে রূপোর গয়না ও অন্যান্য সামগ্রীও চুরি হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনাই সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবারের কাছে। তাঁদের দাবি, বর্তমানে গ্যাসের অভাবের মধ্যে অনেক কষ্টে সিলিন্ডারটি সংগ্রহ করেছিলেন। এমন পরিস্থিতিতে সিলিন্ডার চুরি হওয়ায় অন্তত কয়েক সপ্তাহের জন্য সমস্যায় পড়তে হবে তাঁদের। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বেলেঘাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁদের অনুরোধ, অন্য জিনিসপত্রের তুলনায় গ্যাস সিলিন্ডারটি দ্রুত উদ্ধার করা হোক।
পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একাধিক দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, কালোবাজারে গ্যাসের চাহিদা বাড়ার সুযোগ নিয়েই এই চুরি করা হয়েছে। চুরি হওয়া সিলিন্ডারটি কোনও ছোট খাবারের দোকানে বেশি দামে বিক্রির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।





