Header AD

ভোটের আগে কলকাতায় বিদেশি মুদ্রা উদ্ধার, আয়কর দপ্তরের জালে ৩ জন

Foreign currency arrest

রাজ্যে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে খাস কলকাতায় বড়সড় অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করল আয়কর দপ্তর (Income Tax Department)। পার্ক স্ট্রিট থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তদন্তকারীরা প্রায় সাড়ে ৪ কোটি টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছেন।

আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪.৭৫ লক্ষ মার্কিন ডলার এবং ৩ লক্ষ থাই ভাট। ভারতীয় মুদ্রায় যার মোট মূল্য প্রায় ৪ কোটি ৫৪ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা। এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক প্রমাণ দিতে না পারায় তিনজনকে আটক করা হয়েছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী দল এবং নিয়ম মেনে মামলা রুজু করা হয়েছে। এই টাকা কীভাবে দেশে আনা হয়েছিল বা এর সঙ্গে কোনও বেআইনি লেনদেন জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচন ঘোষণার আগে নির্বাচন কমিশন (ECI) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে আর্থিক লেনদেন ও সম্ভাব্য অবৈধ কার্যকলাপের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পর থেকেই রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন সংস্থা। তারই মাঝে কলকাতায় এই বিপুল বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।