ইরান-ইজরায়েল সংঘাতের (gulf war) প্রভাব ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়তে শুরু করেছে। বিশেষ করে এই যুদ্ধের জেরে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় তার সরাসরি প্রভাব পড়ছে রান্নার গ্যাসের দামে (LPG price hike)।
১ এপ্রিল থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ২১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২,২০৮ টাকা। শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য বড় শহরেও একইভাবে দাম বেড়েছে।
গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বছরের শুরুতে ১ জানুয়ারি ১১১ টাকা দাম বৃদ্ধি পায়। এরপর ১ ফেব্রুয়ারি আরও ৪৯ টাকা এবং মার্চের শুরুতে ৩১ টাকা বাড়ানো হয়। এপ্রিল মাসেও সেই বৃদ্ধির ধারা অব্যাহত রইল।
এই বাণিজ্যিক গ্যাস মূলত হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। ফলে নতুন এই মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীদের খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব খাবারের দামেও পড়তে পারে।
তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, গৃহস্থালির ব্যবহারের জন্য ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের তেল সংস্থাগুলি গ্যাসের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধির চাপ ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।





