বৃহস্পতিবারই কলকাতায় এসে ভোটের আগে ২৫ দিন এ রাজ্যে থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তা নিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের নির্বাচনী জনসভায় কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাহকে কটাক্ষ করে তিনি বলেন,“ভয় দেখাতে বলছে ২৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।” একই সঙ্গে কালিয়াচকে অশান্তির ঘটনায় অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য সিআইডি-কে কৃতিত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ-কে খোঁচা দিয়ে বললেন, “আসল কালপ্রিটকে গ্রেপ্তার করেছে আমাদের সিআইডি।” পাশাপাশি বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও সভা থেকে ফের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।
এদিনের সভা থেকে মালদহের ঘটনা নিয়ে ফের আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি ধার করে মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সঙ্গে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা পয়সা নিয়ে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল। বুধবারও ওরা অশান্তি করেছে।”
উল্লেখ্য এনআইএ (NIA) আসার আগে মালদহের কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেপ্তার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, যেভাবে চক্রান্ত করে মিমকে দিয়ে অশান্তি করানো হয়েছিল, রাজ্যকে বদনাম করা হয়েছিল আজ সেই সবকিছু ফাঁস হয়ে গেছে। পাশাপাশি কালিয়াচকে অশান্তির ঘটনায় অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য সিআইডি-কে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আসল কালপ্রিটকে গ্রেপ্তার করেছে আমাদের সিআইডি। এনআইএ-র আগে রাজ্যের গোয়েন্দা সংস্থা এই কাজ করে ফেলল। এখন তো আমাদের হাতে কিছু নেই। তবু আমাদের অফিসাররা দক্ষতার সঙ্গে কাজ করেছেন।বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালাচ্ছিল, মুম্বই থেকে এসেছিল। আমি বলেছিলাম, বহিরাগতদের ঢুকিয়ে এখানে অশান্তি করানো হয়েছে। গ্রেপ্তার তো হল মিমের নেতা।”
ভোটের মুখে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সরানোর বিষয়েও এদিন গর্জে ওঠেন তৃণমূলনেত্রী। তিনি দাবি করেন, “কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছে জানেন? যাতে কেউ সীমানায় আটকাতে না পারে। সিআরপিএফ-এর গাড়ি করে টাকা আসছে। আর কোথায় টাকা যাচ্ছে জানি। আমার কাছে রেকর্ড আছে। ঠিক সময়ে ফাঁস করব।”
এমনকি বিজেপি আসন পুনর্বিন্যাস করে বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও এদিনের সভা থেকে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “বিহার আর বাংলার কয়েকটা এলাকাকে নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করেছে। তবে তার আগেই ওরা হারবে। ২০২৬-এই হারাব।” ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকানো হতে পারে বলেও সতর্ক করলেন মমতা। এই বিষয়ে দলীয় প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছেন তিনি।





