Header AD

‘কোন কেন্দ্রীয় এজেন্সি টাকা নিয়ে কোথায় ঢুকছে, সব তথ্য রেখেছি, সময়মতো ফাঁস করব’ হঁশিয়ারি মমতার

cm raigunj

উত্তর থেকে দক্ষিণ- বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে জেলায় জেলায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় প্রতি জনসভা থেকেই বিজেপিকে নানা ইস্যুতে নিশানা করতে শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। শুক্রবার রায়গঞ্জের সভামঞ্চ থেকেও পদ্ম শিবরকে একহাত নিলেন মমতা। বাংলার মানুষের বিরুদ্ধে ‘চক্রান্ত করার’ অভিযোগ তুলে কাগজ হাতে নিয়ে হুঙ্কার দেন তিনি। রায়গঞ্জ স্টেডিয়ামে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “ওরা ভাবে কি আমরা খবর রাখি না। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, কার ঘরে ঢুকছে, সব রেখে দিয়েছি যত্ন করে। সময় এলেই দিয়ে দেব।” এর পরিপ্রেক্ষিতে সভামঞ্চ থেকে বাংলার ভোটময়দানে বিজেপির সব প্ল্যান ভেস্তে দেওয়ার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো।

এদিনের রায়গঞ্জের সভা থেকে পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, “বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছ। বাংলার বদনাম করছ। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম।“ মোদী সরকারকে আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘সব কিছু করব আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। বিজেপি হচ্ছে বাবলা কাঁটা, মানুষের নাম ছাঁটা।” এরপরই সাধারণ মানুষের প্রতি তাঁর সতর্কবার্তা, ” যদি তৃণমূলের নাম করেও, পশ্চিমবঙ্গ সরকারের নাম করে ছদ্মবেশে কেউ গিয়ে বলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিন, আমরা টাকা জমা করব। ভুলেও কাউকে দেবে না। এটা বিজেপি করছে। কী করবে জানেন তো? আপনার অ্যাকাউন্টে ২ হাজার টাকা দিয়ে ১০ হাজার টাকা তুলে নেবে।’’

এদিনের সভা শেষে প্রার্থীদের উদ্দেশেও সতর্কবার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, “প্রার্থীদের বলে রাখি, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। তারা নির্দেশ দিয়েছে ডিএমদের, তৃণমূলের প্রার্থীদের বাতিল করো। যাঁরা মনোনয়ন জমা করবেন তাঁরা ভাল করে দেখে নেবেন। বিজেপি যেটা গেমপ্ল্যান করবে, সেটা ভেস্তে দিতে হবে।” রাজনৈতিক আক্রমণের সুর আরও চড়িয়ে মমতা বলেন, বিজেপি বদলা নেওয়ার রাজনীতিতে নেমেছে এবং পিছন থেকে খেলা করছে। তাঁর অভিযোগ, বাইরের লোক এনে টাকা বিলি করা হচ্ছে এবং গুন্ডা ঢুকিয়ে বাংলার পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। তিনি কটাক্ষ করে বলেন, এই ধরনের রাজনীতি লজ্জাজনক।

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে এলাকার মহিলাদের বড় বার্তা দিয়ে এদিন মমতা বলেন, “ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভয় দেখানোর চক্রান্ত করেছে। ভোটের দিন ভোট দিতে যাওয়ার রাস্তা আটকানোর চেষ্টা করলে মা-বোনেরা ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করবেন।” তিনি হুঙ্কার দিয়ে বলেন, “যারা চায় বাংলার সর্বনাশ, তাদের আমরা করব বিনাশ। “