Header AD
Trending

হরমুজে অচলাবস্থায় বিশ্বজুড়ে হিলিয়াম সংকট, প্রভাব পড়তে পারে চিকিৎসা ও প্রযুক্তিখাতে

Helium shortage

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত (Middle East Crisis) আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে (Straight of Hormuz) ইরানের নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেল ও এলএনজির পাশাপাশি হিলিয়াম গ্যাসের (Helium Gas crisis) সরবরাহেও বড়সড় ধাক্কা লেগেছে। এর প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতি ও গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে পড়তে শুরু করেছে।

হিলিয়াম গ্যাস মূলত এলএনজি উত্তোলনের সময় পাওয়া যায় এবং এটি প্রযুক্তি, চিকিৎসা, সেমিকন্ডাক্টর শিল্প ও মহাকাশ গবেষণায় অপরিহার্য। কিন্তু এই গ্যাস অত্যন্ত হালকা হওয়ায় সংরক্ষণ করা কঠিন এবং একবার বায়ুমণ্ডলে মিশে গেলে তা পুনরুদ্ধার সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে বিশ্বে হিলিয়ামের মজুত মাত্র ৪৫ দিনের জন্য যথেষ্ট বলে জানা যাচ্ছে।

বিশ্বের মোট হিলিয়াম সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। তার ওপর ইরানের হামলায় কাতারের গ্যাস উৎপাদন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট চাহিদার প্রায় ৩০–৩৩ শতাংশ হিলিয়াম কাতার থেকেই আসে। যদিও আমেরিকা ও রাশিয়া কিছু হিলিয়াম উৎপাদন করে, তবে তা বিশ্বব্যাপী চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়।

বিশেষজ্ঞদের মতে, এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে চিকিৎসাক্ষেত্রে। এমআরআই মেশিন চালাতে বিপুল পরিমাণ হিলিয়াম প্রয়োজন হয়। ফলে সরবরাহে ঘাটতি দেখা দিলে স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পও বড় চাপে পড়তে পারে। চিপ উৎপাদনের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে হিলিয়াম ব্যবহৃত হয়। সরবরাহ বন্ধ হলে চিপ উৎপাদন ব্যাহত হবে, যার প্রভাব পড়বে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে।

মহাকাশ গবেষণা, ফাইবার অপটিক্স, লিক শনাক্তকরণ এবং ওয়েল্ডিং শিল্পেও হিলিয়ামের গুরুত্ব অপরিসীম। বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে থাকা বহু জাহাজের মধ্যে প্রায় ২০০টির বেশি জাহাজে হিলিয়াম রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ভারত তার মোট হিলিয়াম চাহিদার পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে এই সংকট দেশের ওপরও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে হিলিয়ামের দাম দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক চাপে পরিণত হতে পারে।