Header AD

মালদহে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

mamata Drone

মালদহে নির্বাচনী সফরের সময় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টারের কাছে একটি রহস্যময় ড্রোন দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার মালতিপুরে জনসভা সেরে গাজোল যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে (Mysterious Drone) উঠছিলেন তিনি। সেই সময়ই আকাশে ড্রোনটির গতিবিধি নজরে আসে। ঘটনায় উপস্থিত সকলেই কিছুটা বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। মমতা নিজেও হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ড্রোনটির চলাফেরা পর্যবেক্ষণ করেন। তাঁর সফরের সময় আকাশপথ সাধারণত সম্পূর্ণ নিরাপদ থাকার কথা, তাই এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে (ECI) নালিশ করছে বাংলার শাসক দল।

ছাব্বিশের ভোটের দামামা বেজে গিয়েছে আগেই। রাজ্যজুড়ে এখন পুরোদমে নির্বাচনী প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, শুনছেন তাঁদের অভাব-অভিযোগ। এই আবহেই তৃণমূলের হয়ে ঝোড়ো প্রচারে নেমেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহ জেলায় একাধিক জনসভা ও রোড শো-র কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে প্রথমে মালতিপুরে সভা সেরে তাঁর গাজোল যাওয়ার কথা ছিল। সেই সময়ই ঘটে চাঞ্চল্যকর ঘটনা।

মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদের চিহ্নিত করা উচিত।” তিনি ইঙ্গিত দেন, ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে।

সূত্রের খবর, ড্রোনটি কারা এবং কী উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনায় প্রশাসনও সতর্ক হয়ে উঠেছে।