ভোটের আগে কোতুলপুরে (Kotulpur) বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদারকে ঘিরে টাকা বিলির গুরুতর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। (ছবিটির সত্যতা যাচাই করেনি আজ বাংলা ডিজিটাল)। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় পরিহিত এক ব্যক্তি—যাকে বিজেপি প্রার্থী বলে দাবি করা হচ্ছে—এক গৃহবধূর হাতে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল তুলে দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নির্বাচনী আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি দেবনাথ বাউড়ি অভিযোগ করেন, মানুষের সমর্থন হারিয়ে বিজেপি এখন অর্থের জোরে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের (ECI) উচিত দ্রুত তদন্ত শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP প্রার্থী লক্ষীকান্ত মজুমদার। তাঁর দাবি, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ছবির সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোতুলপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এখন নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সবার।





