“পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব। প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ , স্বরাষ্ট্রমন্ত্রী চুপ। কাগজে খজা আসিফের নামটা লিখে রাখব। যেদিন ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেদিন ঘরে গিয়ে ঢুকে মারব।” মালদহের সভা থেকে দেশের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এক তিরে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি গর্জে উঠলেন “ক্ষমতা থাকলে পাক অধিকৃত কাশ্মীর দখল করে দেখান। “
মালদহের রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের মন্ত্রীর হুমকির জবাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) চুপ কেন- সেই বিষয়ে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘটনার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে তিনি গর্জে ওঠেন। বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মেরুদণ্ড বলে কিছু নেই। আমাদের পাকিস্তানি আর বাংলাদেশি বলে। আর পাকিস্তানে আর বাংলাদেশে বসে লোকেরা দিল্লি আর কলকাতা ওড়ানোর হুমকি দেয়। আর প্রধানমন্ত্রী বসে বসে আঙুল চোষে! এই হচ্ছে বিজেপি।” প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করে তৃণমূল সাংসদ গর্জে ওঠেন, “এই আপনার ছাপান্ন ইঞ্চির ছাতি, এই আপনার মেরুদণ্ড!আপনার কত ক্ষমতা আপনি দেখান। পাক অধিকৃত কাশ্মীর (Pak Occupied Kashmir), ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ,সেটা দখল করুন।”
এদিনের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে ‘ভাড়াটে’ বলেও কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি হুঙ্কার দিয়ে বলেন,” প্রধানমন্ত্রী আপনারা তো সব ভাড়াটে। বাড়িওয়ালা নাকি!জমি ,বাড়ি তো সব দেশের সাধারন মানুষের। আর বাড়িওয়ালার কাছে এসেই বাড়ির কাগজ দেখতে চাইছেন! হিন্দুস্তান কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি?”
ভোটের আবহে প্রচারে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা “বাংলার প্রতিটি বুথকে অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করতে হবে।”





