Header AD

দলনেত্রীর সাসপেনশন হুঁশিয়ারি! ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ‘বিক্ষুব্ধ বিধায়ক’ মনিরুল

Monirul nomination withdrawn

ভোটের আগে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম (Monirul Islam)। সোমবার নিজেই তিনি জানান, দলনেত্রীর কথা মেনে তিনি আর আলাদা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পাশাপাশি তিনি জানান, ফরাক্কা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে প্রচারে অংশ নেবেন।

মনিরুল ইসলামের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, সাময়িক মতবিরোধ থাকলেও তা মিটে গিয়েছে এবং এখন সকলেই একজোট হয়ে ভোটে জয়ের লক্ষ্যে এগবে।

উল্লেখ্য, ২০২১ সালে ফরাক্কা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মনিরুল ইসলাম। তবে আসন্ন নির্বাচনে দল ওই কেন্দ্রে প্রার্থী বদল করে আমিরুল ইসলামকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মনিরুল নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। এমনকি কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের মনোনয়ন জটিলতায় তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দেন।

এই পরিস্থিতিতে সামসেরগঞ্জে এক নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মনিরুল ইসলামকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেন এবং তা না মানলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন।

প্রথমে এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে মনিরুল জানিয়েছিলেন, তিনি কোনও চাপের কাছে মাথা নত করবেন না এবং প্রয়োজনে দলীয় পদ ছাড়তেও প্রস্তুত। তবে শেষ পর্যন্ত দলনেত্রীর নির্দেশ মেনেই তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।