Header AD

 ‘অনিল আম্বানির কেসে কার নাম আছে জানি, মুখোশ খুলে দেব!’ মতুয়াগড়ে হুঁশিয়ারি মমতার

cm bongaon

“বিজেপিকে বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার”,  বনগাঁ স্টেডিয়ামের সভা থেকে এই বলে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মতুয়াগড় বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে মঙ্গলবার দ্বিতীয় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে  কড়া ভাষায় বলেন, ‘‘BJP-র মাথায় বিষ, বিষবৃক্ষ! ওটা থেকে আম হয় না, আমড়াও হয় না। ওটা থেকে কাঁটার জন্ম হয়।“ পাশাপাশি মতুয়া গড়ে দাঁড়িয়ে বিজেপির মুখোশ খুলে দেওয়ার হুমকিও দেন তৃণমূল সুপ্রিমো।

এদিন মতুয়াগড় বনগাঁর সভা থেকে নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন মমতা। এছাড়াও তিনি হুঁশিয়ারি দেন, মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব। সভা থেকে তৃণমূল নেত্রীর  হুঁশিয়ারি, ‘‘যারা আজ ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোটের রাজনীতি করবে, আমি বলছি, বেশি কথা বলো না। অনিল অম্বানীর কেসে কার কার নাম আছে জানি। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি-সিবিআই আসে না। তৃণমূল করলে কিছু না করলেও ইডি-সিবিআই আসে। বেশি কথা বললে মুখোশ খুলে দেব।“ বিজেপিকে মতুয়া বিরোধী ও নমঃশূদ্র বিরোধী বলে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘‘ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানুষদের জন্য ট্রাইব্যুনালে যাব। আবার বলছি, বাংলায় একটাও ডিটেনশন সেন্টার করতে দেব না। ওরা নমঃশূদ্র বিরোধী। ওরা মতুয়া বিরোধী। ওদের ধর্ম মানে ভোট কাটা। এটা ধর্ম নয়।’’

 সভা থেকে তৃণমূল সুপ্রিমো বনগাঁবাসিদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে যান, ‘‘যাঁদের এখনও কাঁচা বাড়ি আছে, তাঁদের প্রত্যেককে আমরা পাকা বাড়ি করে দেব। যাঁদের বাড়িতে এখনও পানীয় জলের নল পৌঁছোয়নি, সেটা করে দেব। এ ছাড়াও দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করব। ব্লকে ব্লকে ডাক্তার, সিস্টার আসবে।’’