রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIRinBengal) পর প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই প্রেক্ষিতে বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEO Gyanesh Kumar) সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন (Derek OBrayen), সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), সাকেত গোখলে (Saket Gokhle) এবং মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) । তাঁদের উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি কমিশনের সামনে তুলে ধরা।
বৈঠকের পর ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, আলোচনা শুরু হওয়ার মাত্র সাত মিনিটের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার তাঁদের অপমান করে বৈঠক কক্ষ ছাড়তে বলেন। তিনি বলেন, “আমরা সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, অথচ আমাদের প্রতিনিধিদের এইভাবে বেরিয়ে যেতে বলা হয়েছে।”
অন্যদিকে নির্বাচন কমিশন (ECI) এই অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের দাবি, বৈঠকের সময় তৃণমূলের প্রতিনিধিরা উত্তেজিত আচরণ করছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। তাঁদের শালীনতা বজায় রাখতে অনুরোধ করা হয়। কমিশন আরও জানায়, তারা তৃণমূলকে (TMC) স্পষ্টভাবে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত এবং স্বচ্ছ।
তবে ডেরেক ও’ব্রায়েনের দাবি, কমিশনের পক্ষ থেকে এমন কোনও বার্তা তাঁদের দেওয়া হয়নি। বরং বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের বেরিয়ে যেতে বলা হয়।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্য নির্বাচন কমিশনারকে মোট ৯টি চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এই চিঠিগুলির একটিরও উত্তর এখনও পাওয়া যায়নি। বুধবারের বৈঠকেও এই বিষয়টি উত্থাপন করেন প্রতিনিধি দলের সদস্যরা।





