Header AD

চাপ বাড়ছে অভিযুক্তদের উপর, ৫ জনকে সমন! রাহুলের মৃত্যুর তদন্তে কলকাতায় ওড়িশা পুলিশ

Leena Rahul controversy

গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee Death) মর্মান্তিক মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন উঠে আসছে। শুটিংয়ের সময় কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও উত্তর মেলেনি। সমুদ্রের বিপজ্জনক চোরাবালির এলাকায় শুটিংয়ের অনুমতি ছিল কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ঘটনার পর থেকে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে দীর্ঘ নীরবতার পর একটি বিবৃতি দেওয়া হলেও, তাতে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। ইউনিটের সদস্যদের বয়ানেও অসঙ্গতি লক্ষ্য করা গেছে, যা রহস্য আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ৫ এপ্রিল তালসারির মেরিন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি এই মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। ওই অভিযোগের ভিত্তিতে ওড়িশা পুলিশ (Orissa Police) তদন্তে নেমেছে এবং ইতিমধ্যেই পাঁচজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায়—অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

তালসারি মেরিন থানার আইআইসি শ্রবণ মহারানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের থানায় হাজির হতে বলা হয়েছে। যদি তারা হাজিরা না দেন, তাহলে তদন্তের স্বার্থে ওড়িশা পুলিশের একটি দল কলকাতায় গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই টলিউডের একাংশ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে। তদন্ত এগলে এই রহস্যমৃত্যুর আসল কারণ সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।